কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে গেছে। এতে ১৫ জন ব্যবসায়ীর প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর রাতে কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার কমিটির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে নুরুল আলম রেজার মালিকানাধীন রেজা মার্কেটও। প্রাথমিকভাবে অন্তত ২০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ভয়াবহতায় দোকানগুলোতে থাকা মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মোস্তাক বলেন, দোকানে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্রপণে কাজ করা হচ্ছে।
মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন।