ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে মহাসড়কের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন এসে দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দিয়ে ঘটনাস্থল ছাড়ে তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসজেড
আরও পড়ুন