একসময় যে বাড়ি ছিল অনেকটা নীরব, অবহেলা আর অযত্নে, সেই বাড়িতেই এখন উৎসবের প্রস্তুতি। কোথাও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, কোথাও তৈরি হচ্ছে মঞ্চ। সাজানো হচ্ছে বাড়ির আঙিনা। আর এই আয়োজন ঘিরে পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ। বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের পৈতৃক বাড়িতে আয়োজন চলছে তিন দিনব্যাপী উৎসবের।
দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে পড়ে থাকা কবির স্মৃতিবিজড়িত বাড়িকে ঘিরে এবার নতুন করে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। চলছে মঞ্চ ও ফটক নির্মাণের কাজ। অতিথিদের বরণ থেকে শুরু করে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে চলছে। ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখ এই তিন দিনব্যাপী উৎসব উপলক্ষে সেখানে বসবে মেলা। সেই মেলায় থাকবে বিভিন্ন পণ্যের দোকান ও নানা আয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। ৩ দিনের আয়োজনজুড়ে থাকবে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। কবির স্মৃতির আঙিনা হয়ে উঠবে সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলা।
স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, 'কবি গোলাম মোস্তফা আমাদের এলাকার গর্ব। তার মতো একজন গুণী মানুষের জন্ম ও স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাই,এই অনুষ্ঠান শুধু তিন দিনের উৎসবে সীমাবদ্ধ না থেকে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করুক।'