চুয়াডাঙ্গার সদর উপজেলায় মাছ রক্ষায় পাকুরের চারপাশের বেড়ায় বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) সকালে বেগমপুর ইউনিয়নের ঝাঁঝরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চান মিয়া ঝাঁঝরী গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। স্ত্রী, ১৪ মাস বয়সী ছেলে, বৃদ্ধ বাবা-মা এবং এক ভাইকে নিয়ে তার পরিবার।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, একই এলাকার রজব আলীর ছেলে আব্বাস আলী ঝাঁঝরি গ্রামে কেরু এ্যান্ড কোম্পানীর একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। মাছ চুরি ও প্রাণী যাতে মাছ চুরি বা খেতে না পারে সেজন্য আব্বাস পুকুরের চারপাশ জিআই তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এদিন সকালে চান মিয়া পুকুরের পাশ দিয়ে কৃষিকাজে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি