চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতি পদসহ ৯টি পদে জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে মুন্সি মো. শাহজাহান মুকুল নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১)। নির্বাচনে সমিতির ২২০ জন সদস্যের মধ্যে ২০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চারটি ভোট বাতিল হয়।
১৫টি পদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতি, দুই সহসভাপতি, দুই যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয় কার্যনির্বাহী সদস্যসহ মোট ৯টি পদে প্রার্থীরা জয়লাভ করেন। জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়াস কাউন্সিল প্যানেল থেকে একজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুজন এবং স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদকসহ চারটি পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বিএনপি সমর্থিত মুন্সি মো. শাহজাহান মুকুল ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকসিজুল ইসলাম রতন পেয়েছেন ৯৫ ভোট।
সহসভাপতি পদে এস এম আসাদুজ্জামান গণি সালাম ১৫৪ ভোট এবং মামুন আক্তার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মো. আলী হোসেন ৭২ ভোট ও মোসলেম উদ্দীন (২) পেয়েছেন ৬৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) পেয়েছেন ৬৪ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ৫৯ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছা. তানিয়া লাঞ্চ ১১৪ ভোট ও হারুনর রশিদ বাবলু ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান পারভেজ ১০১ ভোট এবং আফরুজা আকতার বীথি পেয়েছেন ৯৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে মুহাম্মদ ইকরামুল হক ১৪৫ ভোট পেয়ে প্রথম, আলম আমিন বিশ্বাস (মাহাম্মদ) ১১৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. ফরজ আলী ১১৪ ভোট পেয়ে তৃতীয়, আশিকুর রহমান রাজ ১০৮ ভোট পেয়ে চতুর্থ, সাকিবুর রহমান সাকিব ১০৩ ভোট পেয়ে পঞ্চম এবং তানভীর আহম্মদ শাওন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী। তাঁরা হলেন কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান ডাবলু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। কমিশনার ছিলেন অ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।
মালয়েশিয়া পাচারের চেষ্টা: নারী-শিশুসহ উদ্ধার ৩১৭, আটক ৭
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১