সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে গেলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার মেঘাদল সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বাজার মূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা। তবে এ ঘটনায় কারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।