জামালপুরের মাদারগঞ্জে একটি সেচঘর থেকে রূপসী (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্বপাড়া বৈশাখীগাড়ী আকন্দবাড়ি সংলগ্ন একটি সেচঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রূপসী চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের সাইরুদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে এক কৃষক জমিতে সার প্রয়োগ করতে গিয়ে সেচঘরের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রূপসী বলে শনাক্ত করেন।
নিহতের বাবা সাইরুদ্দিন জানান, তার মেয়ের মোবাইল ফোনে মাঝেমধ্যে এক ছেলে ফোন করত। বিষয়টি জানতে পেরে তিনি মেয়ের ফোন বন্ধ করে দেন। পরে ফোনটি চালু করার পর একদিন অজ্ঞাত নম্বর থেকে এক যুবক ফোন করে। তার ফোনে সাইরুদ্দিনের কণ্ঠ শুনে ওই যুবক কথা না বলে কল কেটে দেয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে দেখতে পান, সে ঘরে নেই। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।