রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। 

স্থানীয় সূত্র জানায়, ভোরে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দ্রুত মেরামত সম্পন্ন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেএম
আরও পড়ুন