ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৩১ আগস্ট) জেলা বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির নাম পলাশ। যাবজ্জীবন কারাদণ্ডিতরা হলেন- তোফায়েল আহমেদ নাসিম এবং শাকিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন বলেন, রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়; যা হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাদের আরো ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি অটোচালক নাজিমদ্দিনকে হত্যার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন তার ভাই নাছির উদ্দিন। মামলায় তোফায়েল আহমেদ নাসিম, পলাশ ও শাকিলকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ২০২৫ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় দেয়।