চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাসে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন মিষ্টি আক্তার। প্রেমিকের বাড়িতে পৌঁছানোর পর তিনি চলে গেলে সেখানে বিয়ের দাবিতে অবস্থান নেন মিষ্টি। পাঁচ দিন অনশন করেও সমাধান না হওয়ায় এবার বিয়ের দাবি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে পাশের গ্রামের মিষ্টি আক্তারের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই জানত। বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হলেও ছেলের পরিবার এতে রাজি হয়নি।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জীবন মোটরসাইকেলে করে মিষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জীবন চলে যান। এরপর মিষ্টি বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন। পরে প্রেমিকের পরিবারের লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
মিষ্টির বড় বোন বলেন, ‘বিয়ের কথা বলে আমার বোনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিয়ের দাবিতে সেখানে পড়ে আছে। একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। তাকে খুব নির্যাতন করা হচ্ছে।’ নির্যাতন বন্ধ করে মিষ্টির সঙ্গে জীবনের বিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা দ্রুত বিষয়টির সমাধান, মিষ্টির ওপর নির্যাতন বন্ধ এবং তাদের বিয়ের ব্যবস্থা করার দাবি জানান।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।