শেরপুরের নকলায় সাপে কামড়ানোর পর মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে করে জীবিত অবস্থায় সেই সাপকেও নিয়ে গেছেন তার বাবা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত তরুণী রিয়া মনি (২০) ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির কাছেই সাপের কামড়ের শিকার হন রিয়া। খবর পেয়ে তার বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি ধরে একটি ব্যাগে রাখেন। এরপর মেয়েকে নিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।
হাসপাতালে চিকিৎসকরা সাপটি পরীক্ষা করে জানান, এটি বিষধর নয়। ফলে রিয়ার শরীরে বিষক্রিয়ার আশঙ্কা নেই বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। তবে সাপে কাটার ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন। পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে পরীক্ষা করে দেখা গেছে, রিয়া মনিকে কামড় দেওয়া সাপটি বিষধর নয়। রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মেয়েকে দ্রুত হাসপাতালে নেওয়ার পাশাপাশি কামড় দেওয়া সাপটিকেও জীবিত ধরে নিয়ে আসার বিষয়টি এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।