বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (৩০)। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আশ্রম কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রুবেল মিয়া বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। পরে আশ্রমে থাকা ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর সঙ্গে তিনি অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় ওই নারীর চিৎকার শুনে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে আটক করেন। পরে তিনি যাতে সেখান থেকে চলে যেতে না পারেন, সে জন্য তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তাঁর দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারীসহ অসহায় মানুষদের খোঁজখবর নেওয়া ও সেবার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তিনি সেখানে যাননি বলে দাবি করেন তিনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের পর ঘটনার প্রকৃতি ও তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নান্দাইলের ‘মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম’ দীর্ঘদিন ধরে অসহায় ও পরিচয়হীন প্রবীণদের আশ্রয় দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।