চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ‘ন’ ও ‘ত’ নম্বর বগি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি চালকের নজরে আসার পর তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে ওই রুটের অন্যান্য ট্রেনও আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বগির সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, বিচ্ছিন্ন বগি দুটির সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামত শেষ হলে ট্রেনটি আবার নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শেষ করে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।