দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতার মধ্যেও জীবনযুদ্ধে হার মানেননি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাঠমিস্ত্রি গোপাল চন্দ্র সূত্রধর (৫৪)। দুই লাঠিতে ভর দিয়ে প্রতিদিন কাজের সন্ধানে বের হন তিনি। বয়স ও নানা রোগব্যাধিতে শরীর দুর্বল হয়ে পড়লেও পরিবারের মুখে খাবার তুলে দিতে এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
অন্যদিকে, জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগ ধল্যা গ্রামের একটি জীর্ণ ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী শফিকুল খলিফা (৪৭) ও তার বুদ্ধিপ্রতিবন্ধী বোন ফাতেমা আক্তার (৩৯)। অভাবের কারণে অনেক সময় প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপর নির্ভর করেই তাদের দিন কাটে। কখনো কখনো অনাহারেও থাকতে হয় দুই ভাই-বোনকে।
দুই পরিবারের এমন অসহায়ত্বের খবর জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মিডিয়া ফ্রন্ট লাইন। বুধবার (৭ অক্টোবর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারভাইজার নোমান আহমেদ এবং ‘দৈনিক খবর সংযোগ’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা দুই পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় স্থানীয়রা মিডিয়া ফ্রন্ট লাইনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু তাৎক্ষণিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আবাসনের জন্য দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানগুলোও গোপাল চন্দ্র, শফিকুল ও ফাতেমার মতো অসহায় মানুষের পাশে এগিয়ে আসবে। সমন্বিত সহযোগিতা পেলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে এবং তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন।