জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও ইউনুস একই গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। এ কারণে বিভিন্ন সময় চলাচলের পথে এবং একা পেলে ইউনুস তাঁকে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর বাবা-মাকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউনুস তরুণীর প্রতি আরও আক্রোশ পোষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে সেখানে অবস্থান করা ইউনুস তরুণীকে জোর করে পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন।

এ সময় ইউনুস তাঁকে বিয়ে করার আশ্বাস দেন। স্থানীয়ভাবে ওই রাতেই বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত হলেও চেয়ারম্যানের জিম্মায় যাওয়ার পর বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যান ইউনুস।

এজাহারের বর্ণনা অনুযায়ী, বিয়ে না হওয়ায় সামাজিক সম্মানহানির আশঙ্কায় ৮ সেপ্টেম্বর ওই তরুণী বিষপান করেন। পরে তাঁর বাবা তাঁকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।

পরবর্তী সময়ে ইউনুসের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার চাইলে তাঁরা টাকা দিয়ে আপস-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ সাতজন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।