নালিতাবাড়ীতে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন সম্প্রসারণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। এসব উদ্যোগের মাধ্যমে খামারিদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।