ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করেন বিভিন্ন বয়সী নারীরা। শহরের সড়কজুড়ে ছড়িয়ে পড়ে তাঁদের প্রাণচাঞ্চল্য। নারীদের সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে শেরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নারী ম্যারাথন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ৬ কিলোমিটারের এ দৌড় শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিযোগীরা ডিসি উদ্যানে গিয়ে দৌড় শেষ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজন কেবল দৌড় প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; নিজের সক্ষমতা প্রকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোরও সুযোগ। অনেকের কাছে এমন আয়োজনে অংশ নেওয়া ছিল প্রথম অভিজ্ঞতা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হলে নারীদের মধ্যে শরীরচর্চা ও খেলাধুলার আগ্রহ বাড়বে।
একজন অংশগ্রহণকারী বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও দৌড় শুরু করার পর তা কেটে যায়। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই।’
স্থানীয় বাসিন্দারাও জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নারীদের ঘরের বাইরে এসে খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হলে নতুন প্রজন্মের মেয়েরাও এ বিষয়ে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পান, সে লক্ষ্যেই শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রথম এই নারী ম্যারাথন অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের ধারাবাহিকতায় শেরপুরে নারীদের খেলাধুলা ও সুস্থ জীবনচর্চায় অংশগ্রহণ আরও বাড়বে।
হজের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ইরানের নেতারা 'উন্মাদ', তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না: ট্রাম্প