ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতেপিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এ সময় পিতা তার শিশু পুত্রকে নিয়ে বীজ তলায় কাজ করছিলেন।
রোববার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কাদিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (৮)।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, রোববার দুপুরে নিজের বীজতলায় কাজ করছিলেন পিতা-পুত্র। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় ঝিরিঝিরি বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ হয়।
নিহতের চাচা মো . রফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সাথে সাথে বজ্রপাতের শব্দ হতে থাকলে মোস্তফা ও তার ছেলে আব্দুল্লাহ বীজতলা থেকে উঠে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নেন। এর মধ্যেই বিকট শব্দে বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে জাম গাছের বড় একটি ডাল পিতা-পুত্রের ওপর পড়লে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হয়ে পড়েন । এ সময় কিছুক্ষণের মধ্যেই প্রাণ যায় পিতার এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু পুত্র আব্দুল্লাহ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।