বরগুনার আমতলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলে রাহাত মৃধাকে (২৫) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন বলে রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার আইনজীবী মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমতলী পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। গত বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে এক আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হলফনামায় স্বাক্ষর করেন ইদ্রিস মৃধা।
হলফনামার বরাতে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকায় পারিবারিক ও সামাজিকভাবে ছেলের সঙ্গে সম্পর্ক অবণতি হয়। বারবার নিষেধ করা সত্ত্বেও রাহাত রাজনীতি ছাড়েননি; বরং নিষেধ করায় বাবার ওপর ক্ষিপ্ত হতেন।নিজের অবস্থান তুলে ধরে ইদ্রিস মৃধা বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং ছেলেকেও বারবার নিষেধ করেছিলেন। ছেলের কারণে তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে এবং রাহাত কারও কথা না শুনে নিজের ইচ্ছেমতো চলেন। ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অঙ্গীকারনামার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে তার বা পরিবারের সঙ্গে রাহাতের কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকবে না।
ত্যাজ্য হওয়ার বিষয়ে রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার প্রাণ। পরিবার থেকে আলাদা করে দিলেও তার কোনো আপত্তি নেই; ত্যাজ্য হওয়ার পরও তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েই থাকতে চান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার ছবির ব্যানারে হাসিনার নাম!
আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনে আইজিপির নির্দেশ