চাঁপাইনবাবগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃতব্যক্তিরা হলেন পৌর এলাকার মৃত ইউনুস বিশ্বাসের দুই ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।
জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৩টার সময় বেলেপুকুর মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আব্দুস সাত্তার টুনু। তার মৃত্যুর শোকে বাড়িতে চলছে কান্নার মাতম। ঠিক সেই সময় খবর আসে আলিনগর এলাকায় চুরি হচ্ছে। সেখানে বসবাসরত আব্দুস সাত্তার টুনুর ছোট ভাই রফিকুল ইসলাম চোর ধাওয়া করতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে ভোর ৪টার সময় ঘটনাস্থলেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, চোর তাড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে ছোট ভাইয়ের মরদেহ গ্রহণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। একই রাতে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।