চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে আমবাগানটিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা বিস্ফোরক ও সরঞ্জামগুলোর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এসআরবির তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল ও গান পাউডার পাওয়া যায়। এ ছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এসব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রথম চালানে ভারত থেকে এলো ১৮টি রেলকোচ