রাজশাহীতে অটোরিকশা-নসিমন সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা ভালো নয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার।

স্থানীয়রা জানান, সকালে লালপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নসিমনের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটিটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।