ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮), অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সম্মুখ বৈলর হিফজ মাদরাসার সামনে হাঁটার সময় শহিদুল নামে এক দিনমজুরকে পেছন থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌর এলাকায় সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ইউটার্নে ভ্যান থেকে পড়ে যান মার্জিয়া খাতুন নামে এক নারী। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুটি দুর্ঘটনায় যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া দুই জনের বাড়ি সিলেটে