ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার উদ্দেশ্যে তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, `ঘটনার খবর পেয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেসে ঘটনাস্থল থেকে আব্দুলপুরে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'