নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত ইমন নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও ছাত্রাবাস সূত্রে জানা গেছে, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল কক্ষে একাই থাকতেন ইমন। শুক্রবার রাতের পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে গিয়ে দরজায় একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ছাত্রাবাসে থাকা অন্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা খুলে কক্ষে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।