সুনামগঞ্জে কমছে নদীর পানি, নেই বন্যার ঝুঁকি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

সুনামগঞ্জের সুরমাসহ প্রধান প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীগুলোতে পানি আরও হ্রাস পাওয়ায় জেলায় আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (২৫ জুলাই) সকালে পাউবোর দৈনিক বুলেটিনে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ০.৭১ মিটার নিচে (৭.০৯ মিটার) অবস্থান করছে, যেখানে বৃষ্টিপাত হয়েছে ৭ মিলিমিটার। ছাতক পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ০.৩০ মিটার নিচে রয়েছে। এছাড়া লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১.৩৪ মিটার এবং দিরাই পয়েন্টে কালনী নদীর পানি বিপৎসীমার ০.৪৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টেও নদীর পানি কমার তথ্য পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার সব কটি পর্যবেক্ষণ কেন্দ্রে নদ-নদীর পানি স্থিতিশীল থেকে ধীরে ধীরে কমছে। ফলে তাৎক্ষণিকভাবে কোনো বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে নদীগুলোর পানি আবার বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত