নাটোরের বড়াইগ্রামে তরল নাইট্রোজেন গ্যাসবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মহাসড়কের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দূরে সরে যান। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ঢাকার সাভারের জিঞ্জিরা এলাকার বাসিন্দা ট্রাকচালক সিদ্দিকুর রহমান (৬০) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা ফজলুর রহমান (৫৫)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেন গ্যাসবাহী ট্রাকটি মহাসড়কের বিভিন্ন ছোট-বড় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে তরল নাইট্রোজেন গ্যাস বের হতে শুরু করে।
তিনি জানান, গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘন সাদা ধোঁয়ার মতো একটি স্তর তৈরি হয়, যা মহাসড়কের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে ফেলে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে গ্যাস বের হতে থাকায় স্থানীয়রা আতঙ্কে কাছে যেতে সাহস পাননি। ফলে আহত চালক ও সহকারী ট্রাকের ভেতরেই আটকা পড়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।