মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

সন্তানকে ঘিরে একজন মায়ের স্বপ্ন থাকে নিরাপদ আশ্রয়ের। কিন্তু নোয়াখালীর সুবর্ণচরে সেই মাকেই শেষ পর্যন্ত নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারস্থ হতে হয়েছে জনপ্রতিনিধি ও পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাকেনা, অবৈধ অনুপ্রবেশ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন জাবেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের পঞ্চায়েত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাবেদ স্থানীয় আবুল মিয়া ও ছালেয়া খাতুন দম্পতির ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলে জাবেদ এবং তার সহযোগী পিচ্চি মাসুদ (৩৭) ও সুমন (৩৪) বসতবাড়িকে কেন্দ্র করে মাদকদ্রব্য বেচাকেনা এবং আইনবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তারা তাকে ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ মে রাত ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করে দরজা-জানালা ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এ সময় প্রতিবাদ করলে ছালেয়া খাতুন ও তার স্বামীকে মারধর করে আহত করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, জাবেদের বিরুদ্ধে তার মায়ের একটি লিখিত অভিযোগ রয়েছে। এ ছাড়া বিস্ফোরক ও মারামারির ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

MCH/AHA
আরও পড়ুন