ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার উদ্যোগ

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে।