নাটোরের সিংড়ায় চলনবিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, বর্ষাকালে চলনবিলে সংরক্ষিত বোরো ধানের খড় বিক্রি শুরু করেন। এ সময় কিছু খড় ব্যবসায়ীরা চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে বিক্রি করেন। সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ি এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা লগির সঙ্গে তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।