গ্যাস সংকটে বিপাকে চালকরা, কমেছে উপার্জন

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

টাঙ্গাইলে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি ও প্রাইভেটকার চালকরা। আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে কমে গেছে গ্যাসের সরবরাহ। গ্যাসের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে যান চলাচল ব্যাহত হয়ে কমছে আয়-রোজগার।

চালক সোলাইমান জানান, স্বাভাবিকভাবে যেখানে গ্যাসের চাপ ২২০-এর কাছাকাছি থাকার কথা, সেখানে পাওয়া যাচ্ছে ১০০। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

সিএনজি চালক রাব্বি হোসেন জানান, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস নিতে পারেননি। গ্যাস নিতে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অল্প পরিমাণ গ্যাস নিয়ে গাড়ি চালিয়ে গাড়ির জমার টাকা উপার্জন কঠিন হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসেম জানান, গ্যাস সংকটে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে ব্যাহত হচ্ছে চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার। যানবাহনের পাশাপাশি গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ির মানুষ।

রহিজা খানম ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তোফাইল আহমেদ জানান, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছেন না। যেখানে প্রায় এক পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ থাকার কথা, সেখানে শূন্য দশমিক ৬২-এর মতো পাওয়া যাচ্ছে। আশপাশের কয়েকটি জেলায় গ্যাস সরবরাহে সমস্যা থাকায় টাঙ্গাইলের ওপর চাপ বেড়েছে। মেশিন যতক্ষণ চালু থাকবে গ্যাস সরবরাহ করে যাব। গ্যাসের চাপ একেবারে কমে গেলে মেশিন বন্ধ রাখতে হতে পারে। তখন সরবরাহও বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি এমন থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইতোমধ্যে কয়েকটি পাম্পে মারামারি ঘটনা ঘটেছে।

MU
আরও পড়ুন