সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদ নগর এলাকা থেকে আনোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফরিদ নগর এলাকায় আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অপরাধীরা তাকে হত্যা করে বাহনটি নিয়ে পালিয়ে গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রথম দৃষ্টিকোণে মনে হচ্ছে অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।​

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল পাঁচ পাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।