সত্তরোর্ধ্ব দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী বাজারে নয় বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দাদা মো. সোলেমান সেখ (৭০) এর বিরুদ্ধে। 

বুধবার (২৬ আগস্ট) এই ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।

অভিযুক্ত পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রাজনারায়ণপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটি তার আপন ভাইয়ের ছেলের মেয়ে।

জানা গেছে, বুধবার আমিনপুর থানার পুলিশ শিশুটির দাদির কল পেয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পায়।

শিশুটির দাদির অভিযোগ, পুলিশ ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগসাজশে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা কয়েক বছর আগে আত্মহত্যা করেন। এর পর তার মা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এতিম এই শিশু মেয়েটি তার দাদির কাছে থাকে।

ঘটনার পর অভিযুক্ত সোলেমান সেখ এলাকা থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আমিনপুর থানার এসআই বুলবুল বলেন, আমরা স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু মেয়ের পরিবার থানায় অভিযোগ দিতে রাজি না হওয়ায় আমরা ফিরে আসি।

আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, আমরা লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।