সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই ঘাটে বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় উপজেলা প্রশাসন অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেয় বিএনপি ও জামায়াত। জামায়াত ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিল। একই স্থানে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়।
বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা জানান, ৭ থেকে ৯ সেপ্টেম্বর ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই একই স্থানে জামায়াতও নৌকাবাইচের আয়োজন করায় জটিলতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
জামায়াতের নৌকাবাইচ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি ছিল তাদের। একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি থাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলে জানান তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশে উভয় পক্ষকে আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, নৌকাবাইচের জন্য কোনো পক্ষই উপজেলা প্রশাসনের কাছে লিখিত অনুমতি চেয়ে আবেদন করেনি। একই স্থানে দুই পক্ষের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আপাতত অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে আয়োজন করা হলে লিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হতো।