নাটোরের লালপুরে সড়কের ওপর অপরিকল্পিতভাবে কাঁচাবাজার ও মাছের বাজার বসায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচলও।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, লালপুর বাজার মোড় থেকে সুন্দরী মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশে এবং সড়কের একাংশজুড়ে বসেছে কাঁচা ও মাছের বাজার। ব্যবসায়ীদের পসরা ও ক্রেতাদের ভিড়ে সরু হয়ে গেছে চলাচলের পথ। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় যানজট লেগেই থাকছে।
কাঁচামাল ব্যবসায়ী আলম ও সিরাজ বলেন, বাজারে ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশে বসতে হচ্ছে। প্রশাসন বিকল্প জায়গা নির্ধারণ করে দিলে তারা সেখানে চলে যেতে প্রস্তুত।
মাছ ব্যবসায়ী আনোয়ার বলেন, সকালে ক্রেতাদের ভিড় বেশি থাকে। পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের ওপর বসতে হয়। এতে যানজট তৈরি হলেও তাদের করার কিছু নেই।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী টুটুল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটিতে চলাচল করা কঠিন হয়ে পড়ে। যানজটে রোগীরা সময়মতো ওষুধ নিতে পারেন না। অনেক সময় অ্যাম্বুলেন্সও আটকে যায়।
নিরাপদ সড়ক চাই-এর লালপুর উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়ক দখল করে বাজার বসানো অবৈধ ও ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, বাজারের জায়গা সীমিত হওয়ায় ব্যবসায়ীরা বাইরে বসছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, সড়কের ওপর বাজার বসানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।