নাটোরের লালপুরে কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থানমুখী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, কাদা-পানি ও খামারের বর্জ্যে সড়কটি প্রায় সারা বছরই চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে জমে আছে নোংরা পানি ও কাদা। তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত ও পিচ্ছিল কাদার মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ বিভিন্ন যানবাহনের চালকরা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে থাকা কয়েকটি মহিষের খামার থেকে নিয়মিত গোবর, আবর্জনা ও ময়লা পানি রাস্তায় ফেলা হচ্ছে। বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা জমে গিয়ে সড়কজুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চলাচলের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. ইয়াকিন আলী বলেন, মোহরকয়া গোরস্থানমুখী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়া এবং গোরস্থানে মরদেহ নেওয়ার ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু বেহাল অবস্থার কারণে এখন চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং খামারের বর্জ্য রাস্তায় ফেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খামারের বর্জ্য রাস্তায় না ফেলতে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।