সিংড়ায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ভাটোপাড়া এলাকায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ তৈরি করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। নদীর পানিপ্রবাহের ওপর আড়াআড়িভাবে বাঁশ ও দীর্ঘ জাল স্থাপন করায় স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নদীর একটি বড় অংশজুড়ে বাঁশ ও জালের কাঠামো তৈরি করে মাছ ধরা হচ্ছে। এ কারণে নদীতে চলাচলকারী নৌযানগুলোকে প্রতিবন্ধকতা অতিক্রম করে চলাচল করতে হচ্ছে। এতে বিশেষ করে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এভাবে সৌতি জাল দিয়ে বাঁধ দেওয়ায় শুধু নৌ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে না, নদীর পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে নির্বিচারে মাছ ধরার কারণে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীভাঙনের আশঙ্কাও করছেন তাঁরা।

আত্রাই নদীটি স্থানীয় মানুষের নৌ যোগাযোগ, মাছ ধরা ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নদীর ওপর স্থায়ী বা দীর্ঘস্থায়ীভাবে জাল ও বাঁশের কাঠামো স্থাপন বন্ধ করে নিয়ম মেনে মাছ ধরার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের দ্রুত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, নদীর স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে প্রতিবন্ধকতামূলক সৌতি জাল অপসারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এ বিষয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’