ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জেলা কালেক্টরেট চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা. আল মামুন, ৪০০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক দল।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এম.সি.এইচ
আরও পড়ুন