জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা এবং কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদসহ দলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও তারা দাবি করেন।

সমাবেশ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।