বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত একটি গুপ্ত বাহিনী। তারা কেউ ছাত্রলীগের সভাপতি, কেউ যুবলীগ আবার কেউ আওয়ামী লীগে ছিল। জুলাইয়ের আন্দোলনের পর তাদের কেউ কেউ নিজেদের বিপ্লবী হিসেবে পরিচয় দিচ্ছেন। তারা যে বিএনপির মধ্যেও নেই, সেটারও কোনো গ্যারান্টি নেই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াত আমির শফিকুর রহমানের সাম্প্রতিক সিরাজগঞ্জ সফরের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তিনি সেখানে এক আঙুল দেখিয়েছেন। তবে শুধু এক আঙুল দিয়ে কাজ হয় না, হাত দিয়ে কাজ করতে পাঁচ আঙুল প্রয়োজন। সিরাজগঞ্জে জামায়াতের ভোট নিয়েও কটাক্ষ করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, দলের নেত্রী ও নেতাকর্মীদের অনেকে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তার দাবি, তারা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছেন।
বর্তমান সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। জনগণ যতদিনের জন্য নির্বাচিত করেছে, ততদিন জনগণকে সঙ্গে নিয়ে সরকার দায়িত্ব পালন করবে। হুমকি-ধমকি দিয়ে সরকারের কার্যক্রমে কোনো পরিবর্তন আনা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার ভারত অবস্থান এবং দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলা হচ্ছে।
সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ বলেন, অতীতে অনেক অত্যাচার করা হয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি মন্ত্রী হিসেবে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন না এবং এমন রাজনীতিতে বিশ্বাস করেন না। কেউ তাকে আঘাত বা উসকানি দিলে তা মেনে নেওয়া হবে না এবং দেশের প্রচলিত আইনে তার বিচার হবে বলে মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।