ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

দেশের প্রায় ১ কোটি ৬৩ লাখ পাকা ও আধা-পাকা ছাদকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী গ্রীষ্মে ভালুকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে বিদ্যুতের চাহিদার অন্তত ৫০ শতাংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা কমপ্লেক্স হলরুমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি জোরদার করা হচ্ছে। দেশের প্রায় ১ কোটি ৬৩ লাখ পাকা ও আধা-পাকা ছাদকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। তিনি বলেন, 'আমাদের সকলের আলোচনাকে বাস্তবে রূপ দিতে হবে। বাড়ির ছাদকে রূপান্তর করতে হবে রুফটপ সোলারে।'

ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচি বিষয়ে মূল উপস্থাপনা প্রদান করেন ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান। তিনি বলেন, 'নবায়নযোগ্য জ্বালানিই হোক আমাদের মূল শক্তির উৎস।'

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, 'ছাদে সোলার সিস্টেম স্থাপন করে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব। একটি বড় প্রতিষ্ঠানে যেখানে মাসে সাড়ে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল আসত, সোলার স্থাপনের পর তা কমে ৭ হাজার ৪০০ টাকায় নেমে এসেছে। সাধারণ মানুষ ও কৃষকেরা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবেন। তাই প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগিয়ে সাশ্রয়ী বিদ্যুতে আয় বাড়াতে হবে।'

বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদ বলেন, 'ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির মতো একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করায় ইডকলকে ধন্যবাদ জানাই। সরকারের হিসাব-নিকাশ ও পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে, ইনশা আল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর কোনো আশঙ্কা বা সংকট থাকবে না। সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি মেটাতে এ ধরনের টেকসই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধান অতিথি ডোমেস্টিক রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিদের সঙ্গে ভিডিও সংযুক্তির মাধ্যমে উদ্বোধনস্থল থেকে ডোমেস্টিক রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকার উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির মাধ্যমে দেশের আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি ও সম্প্রসারণের মাধ্যমে আবাসিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।

দেশের জ্বালানি ব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি আবাসিক পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবহারের সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসূচিটি বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কাজ করছে।

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত