নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে প্রায় ১১ বিঘা ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন দুই দফায় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করলেও নতুন ব্যাটারি লাগিয়ে আবারও খননকাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সিংড়া-বারুহাস সড়কসংলগ্ন আয়েশ গ্রামে তোফায়েল শেখের বাড়ির দক্ষিণ পাশে মাটি কাটার কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১১ বিঘা জমির মালিক হায়দার মোল্লা গং। আর মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর মালিক হামিদুল। তাঁর বাড়ি বিয়াশ চকপাড়া গ্রামে।
অভিযোগ রয়েছে, এর আগে উপজেলা প্রশাসন পরপর দুই দফায় ভেকুর ব্যাটারি জব্দ করে। তবে প্রশাসনের ওই পদক্ষেপের পর নতুন ব্যাটারি সংযোজন করে আবারও মাটি কাটার কাজ শুরু করা হয়েছে।
এদিকে, সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া-কুমগ্রাম এবং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, খনন করা পুকুরের মাটি ড্রাম ট্রাকে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এসব ট্রাক চলাচলের কারণে সিংড়া-বারুহাস সড়কের আয়েশ গ্রাম থেকে বিয়াশ চারমাথা পর্যন্ত বিভিন্ন স্থানে মাটি জমে থাকছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে ফসলি জমি কেটে পুকুর খনন অব্যাহত থাকলে কৃষিজমির পরিমাণ কমার পাশাপাশি এলাকার কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রশাসনের দুই দফা পদক্ষেপের পরও একই কাজ আবার শুরু হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, অভিযোগ পাওয়ার পর দুই দফায় অভিযান চালিয়ে ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। আবাদি জমিতে খননকাজ বন্ধে প্রশাসন তৎপর রয়েছে।