রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিতরণ, সরকারি বরাদ্দের অর্থ ব্যয়, বিল-ভাউচার, পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে সেবার মান পর্যবেক্ষণ এবং নথিপত্র যাচাই করে এসব অসংগতি শনাক্ত করেন সংস্থাটির কর্মকর্তারা। তাঁদের দাবি, স্টোরে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের তা দেওয়া হচ্ছিল না। এ ছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক আলামতও পাওয়া গেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান চালায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং রোগীদের কাছ থেকে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে কর্মকর্তারা রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগে গিয়ে চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ওষুধের মজুত ও বিতরণ রেজিস্টার, আর্থিক নথি, বিল-ভাউচার, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা এবং চিকিৎসাসংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যক্রম যাচাই করেন।

দুদকের অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, হাসপাতালের স্টোরে ওষুধ মজুত থাকলেও অনেক রোগীকে ওষুধ নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। পরে স্টোররুম যাচাই করে ওই ওষুধের মজুত পাওয়া যায়। ওষুধের রেজিস্টারের হিসাবের সঙ্গেও বাস্তব মজুতের অসংগতি শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিও সন্তোষজনক নয় বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, ওয়ার্ড ও শৌচাগারগুলো অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আর্থিক নথিপত্র পর্যালোচনা করে বিভিন্ন খাতের বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে দুদক। কর্মকর্তারা বলেন, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয় দেখিয়ে বিল-ভাউচার তৈরির অসংগতি পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে এসব ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক আলামত মিলেছে। এ-সংক্রান্ত নথির ফটোকপিও সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া আয়া নিয়োগ, পরিচ্ছন্নতা, রোগীদের খাবার রান্নার ঘর এবং জেনারেটর পরিচালনায় বরাদ্দ করা জ্বালানি তেলের হিসাবেও অনিয়মের অভিযোগ ও অসংগতি পাওয়া গেছে। হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি সেবা পরিদর্শনেও অসংগতি শনাক্ত করেন কর্মকর্তারা। তাঁদের পর্যবেক্ষণে, আল্ট্রাসনোগ্রাফি কক্ষটি অপরিচ্ছন্ন এবং দীর্ঘদিন ধরে অব্যবহৃত বলে মনে হয়েছে। ইসিজি মেশিনসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামও পরিদর্শন করা হয়।

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে বায়োমেট্রিক ও ম্যানুয়াল হাজিরা খাতার তথ্যের মধ্যেও অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে অভিযান দল।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং রোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক যাচাইয়ে ওষুধের হিসাব, বিল-ভাউচার, আয়া নিয়োগ, পরিচ্ছন্নতা, খাবার রান্নাঘর ও জেনারেটরের জ্বালানি তেলের হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে লিখিত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযানে পাওয়া নথিপত্র ও তথ্য-উপাত্ত কার্যালয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানোর পর সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানের বিষয়ে হাসপাতালের এক মেডিকেল অফিসারের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গণমাধ্যমে কথা বলার বিষয়ে তাঁদের নিষেধাজ্ঞা রয়েছে।

এমইউ
আরও পড়ুন