জয়পুরহাটে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রনজু সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রনজু সরকার ওই এলাকার মিন্টু সরকারের ছেলে। এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, রনজু সরকার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

অভিযান শেষে রনজু সরকার ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।