ফটিকছড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার ভূজপুরের হাজিরখিল এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ব্যবহৃত একটি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা-পুলিশের একটি দল সুয়াবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে হাজিরখিল এলাকায় অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শুটার রায়হানকে আশ্রয় দিয়ে আসছিলেন। তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও তাদের হেফাজতে ছিল।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজার এলাকায় গুলির ঘটনায় ছয়জন আহত হন। সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার এ ঘটনার পর শুটার রায়হানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এর আগে ২২ নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজের ফার্নিচারের দোকানে বসে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, কারখানাটি কত দিন ধরে চালু ছিল, সেখানে তৈরি অস্ত্র কোথায় সরবরাহ করা হতো এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমইউ
আরও পড়ুন