গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ চলছে।
বুধবার (১৬ জুলােই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ থাকলেও দিনমজুর, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এ ঘটনায় মামলা, অভিযান বা গ্রেপ্তার হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করেনি।
কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যদের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর।
জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে। সকালে দু-একজন করে বের হয়েছে। এ ছাড়া ২-১টি রিকশা চলতে দেখা গেছে। সংঘর্ষের পর শহরে থমথমে ভাব বিরাজ করছে।