গোপালগঞ্জে কনসার্টে হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

এফএনএফ পার্টি সেন্টার ও কনভেনশন হলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার রাতে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। 

এদিকে পুলিশের অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। 

এ ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে স্লোগান বন্ধের চেষ্টা এবং এটি রাজনৈতিক অনুষ্ঠান নয় বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত সোয়া ৯টার দিকে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরপার্কে কনসার্ট শুরু হয়। এতে অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন কলকাতার জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেওয়া মাইনুল আহসান নোবেল।

অনুষ্ঠান চলাকালে দর্শকসারির একাংশ থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। একপর্যায়ে স্লোগান অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়; কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের আগে সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আয়োজকদের সতর্ক করা হয়েছিল। তাদের অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান করতে হলে নিজস্ব পার্টি সেন্টারের ভেতরে ছোট পরিসরে আয়োজনের কথাও বলা হয়েছিল।

পুলিশ সুপার বলেন, পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকরা সেখানে একত্রিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এম সি এইচ
আরও পড়ুন