কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭৮৩ জন পুরুষ এবং ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন নারী ভোটার। আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, আজ দেশের ২৯৯টি সংসদীয় আসনে সংসদ নির্বাচনের পাশাপাশি একযোগে ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হয়েছে। রৌমারী, রাজিবপুর ও চিলমারী এলাকার সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের নতুন প্রতিনিধি নির্বাচন করেছেন।