শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় এই পথে নিয়মিত আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে দুই দেশের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে না বা খালাস হবে না।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, বন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটির কারণে কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম সচল হবে।