কুড়িগ্রামে জেলের জালে বিশাল বাঘাইড়

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাচকোল এলাকা থেকে মাছটি ধরার পর বিকেলে তা উপজেলার পাম্পমোড় এলাকায় খুচরা দরে বিক্রি করা হয়।

জানা গেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে মাছটি ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে তা কিনে নেন বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে বিকালে উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় খুচরা বিক্রি করেন। 

ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।